প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 23, 2025 ইং
সিদ্ধিরগঞ্জে র্যাব-১০ এর অভিযানে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে র্যাব-১০ এর অভিযানে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
রিপোর্ট : জয়নুল ইসলাম, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর একটি বিশেষ অভিযানে আনুমানিক তিন লাখ ৬০ হাজার টাকা মূল্যমানের ১২ কেজি গাঁজাসহ এক সক্রিয় মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, মাদকদ্রব্যের ভয়াবহ আগ্রাসন থেকে তরুণ সমাজকে রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ২২ ডিসেম্বর ২০২৫ ইং সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় র্যাব-১০ এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে র্যাব সদস্যরা ১২ কেজি গাঁজাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আতাব মিয়া (৩২)। তার পিতা মৃত সমর উদ্দিন। তার স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন শ্রীঘর পূর্বপাড়া।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আতাব মিয়া দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এই মাদক কারবারের সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে। চক্রটির পেছনে শক্তিশালী শেল্টারদাতা ও মূল হোতারা পর্দার আড়াল থেকে কার্যক্রম নিয়ন্ত্রণ করছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে স্থানীয় সচেতন মহল গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর ব্যবহৃত মোবাইল ফোনের কললিস্ট ও কল ট্র্যাকিংয়ের মাধ্যমে তার সহযোগী, সরবরাহকারী ও মূল হোতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ জানায়, “মাদক সমাজের জন্য একটি মারাত্মক অভিশাপ। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির আলোকে র্যাব ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রাখবে।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন